মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়লেন তাইজুল ইসলাম। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি। তৃতীয় দিনে সাকিবের ২৪৬ উইকেটের রেকর্ড ছোঁয়ার পর চতুর্থ দিনই তাইজুল সেটি পেছনে ফেলেন। তার ঝুলিতে উইকেট সংখ্যা ২৪৯, আরও ম্যাচ বাকি থাকায় সেই সংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে।
এ পর্যন্ত মাত্র ৫৭ টেস্ট খেলেই এমন সাফল্য অর্জন করেছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। বিপরীতে সাকিব খেলেছেন ৭১ টেস্টে ২৪৬ উইকেট।
তাইজুলকে নিজের রেকর্ড ভাঙার শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে সাকিব লিখেছেন,
“অভিনন্দন তাইজুল। যখন তুমি ক্যারিয়ার শেষ করবে, তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে পারি। শুভকামনা।”
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানো সাকিব বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটে ফিরতে পারেন, যদিও সেটি নানা জটিলতার মধ্যে আটকে আছে।
অন্যদিকে, সাকিবের এই কীর্তি ছাড়ানোর আগেই তাইজুল প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার পূর্বসূরীকে। তার ভাষায়,
“সাকিব ভাই বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন। বিশ্বের এক নম্বরে ছিল—এমন জায়গায় এমনি এমনি যাওয়া যায় না। উনার কোয়ালিটি, অভিজ্ঞতা—সবসময় আমাদের সঙ্গে শেয়ার করেছেন।”
টিএইচএ/
