ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট দ্বারা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি দলও ঘটনাস্থলে উপস্থিত ছিল ও পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬টি ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানার একটি দলও সহায়তা করে।”
এমএআর/
