ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে নোংরা কটূক্তির অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি লেখেছেন, ‘বাউল আবুল সরকারের মুক্তি নয়, কঠোর শাস্তি চাই। এই বাউলের বক্তব্য একটু আগে শুনলাম। সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দিবে না। কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে কটূক্তি করতে পারেন না। এমনকি হিন্দু ধর্ম ও হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তি করার অধিকার কারো নাই। সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্মপালনের অধিকার পাবে, কিন্তু ধর্ম নিয়ে কটূক্তির অধিকার কারো নাই।’
তিনি আরও লেখেন, ‘বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন, তারা আগে বাউল আবুল সরকারের বক্তব্য শুনুন। সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।’
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান লেখেন, ‘বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কটূক্তি করবে না। আমরা সমাজে শান্তি চাই। ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না।’
উল্লেখ্য, গত ৪ অক্টোবর মানিকগঞ্জের ঘিওরে এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে জঘন্য কটূক্তি করেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। মুসলিম জনতা ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে।
এআইএল/
