আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র দশ দিনের মধ্যে আবারও সাজার মুখোমুখি হচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার অভিযোগের তালিকায় রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দ–সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মোট ছয় মামলার মধ্যে তিনটির রায় আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঘোষণা করবেন আদালত। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
প্লট দুর্নীতির এ মামলাগুলোর আসামিদের মধ্যে একমাত্র আত্মসমর্পণ করেছেন রাজউকের সাবেক সদস্য (ভূমি–এস্টেট) খুরশীদ আলম। তিনি ছাড়া অন্য কোনো আসামি আদালতে উপস্থিত হননি।
১৭ নভেম্বর আত্মপক্ষ সমর্থন শুনানিতে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন। পলাতক হওয়ায় অন্য আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। পরবর্তীতে ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
দুদকের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দ, জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।
টিএইচএ/
