আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন বলেছেন, ইসরাইলি আগ্রাসন ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আয়োজিত একটি অনুষ্ঠানে তেব্বুনের এ বার্তা পড়ে শোনান দেশটির মন্ত্রী আবদেল মালেক তাশেরিফত।
বার্তায় তেব্বুন বলেন, গাজায় সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তোলার চেষ্টা করার পাশাপাশি, ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমের ফিলিস্তিনি ভূখণ্ডও দখল করছে।
প্রেসিডেন্ট আরো বলেন, ইসরাইল গাজার অবকাঠামো ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে, অবরোধ ও অনাহার চাপিয়ে দিয়ে, আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম উপেক্ষা করে আক্রমণ চালিয়ে যাওয়ার মাধ্যমে ফিলিস্তিনকে মুছে ফেলতে চায়।
জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়ে আলজেরিয়ার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি একে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের নিজস্ব স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি মৌলিক পদক্ষেপ বলে অভিহিত করেন।
সূত্র: টিআরটি গ্লোবাল।
এআইএল/
