মারকাযুত তাকওয়ার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

by hsnalmahmud@gmail.com

মারকাযুত তাকওয়া ঢাকার ছয় বছরপূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের মানসিক ও নৈতিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

মাদরাসার পাঠ্যসূচি, শৃঙ্খলা এবং শিক্ষার অনুকূল পরিবেশ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, ‘ইসলামি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বিত ধারা গড়ে তোলার যে উদ্যোগ মারকাযুত তাকওয়া নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এখানকার শিক্ষার্থীরা শুধু বইপুস্তকের জ্ঞানেই নয়—নৈতিকতা, আচরণ ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে উঠছে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এমন শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

দেশের শীর্ষ আলেম-উলামাগণের তত্ত্বাবধানে পরিচালিত ইসলামি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুত তাকওয়া ঢাকা ছয় বছর পূর্তি উপলক্ষে জাতীয় শিক্ষা সেমিনারের আয়োজন করে। আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কামরাঙ্গীরচরের খান আল হেরা কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী দা.বা., মহাপরিচালক জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর, ঢাকা এবং আমির, বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী

সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বহু শীর্ষ আলেম-উলামা আলোচনায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন—মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা ফজলুল্লাহ বিন হামিদুল্লাহ, মুফতি আবুল হাসান, মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, মাওলানা আব্দুল্লাহ কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি আব্দুর রহমান আজাদ, হাফেজ মাওলানা জাকির হুসাইন, মুফতি আরাফাত হুসাইন, মুফতি জাফর আহমদ, মাওলানা ফয়জুল্লাহ বিন মুখতারসহ আরও অনেকে।

নৈতিক পুনর্জাগরণ ও শিক্ষার মান উন্নয়নই মূল লক্ষ্য

মারকাযুত তাকওয়া ঢাকার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আল আমিন জানান, ‘ইসলামি আদর্শভিত্তিক সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা এবং সমাজে নৈতিকতার পুনঃউত্থান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।’

তিনি অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কামরাঙ্গীরচরের বাদশা মিয়া স্কুল সংলগ্ন মুন্সিহাটিতে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের ছয় বছরপূর্তির অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, আলেম-উলামা ও স্থানীয়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222