মো. নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
আন্দোলনরত ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল আগামী ১ ডিসেম্বর খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এতে বক্তব্য দেবেন ইসলামী সমমনা ৮ দলের শীর্ষ নেতারা।
জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে প্রচারণার অংশ হিসেবে ৭টি বিভাগীয় শহরে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন, জামায়াতসহ সমমনা দলগুলো।
দলীয় সূত্রে জানা গেছে, “আগামী ১ ডিসেম্বর নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ২টায় ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।”
সমাবেশে অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। এ ছাড়া স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, “খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে সমাবেশ সফলে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান জানান, “খুলনা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। দফায় দফায় ৮ দলের প্রস্তুতি চলছে। ৮ দলের নেতারা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল থেকে পিকচার প্যালসসহ বড় বাজারে লিফলেট বিতরণ করবে।”
এমএআর/
