বামপন্থীদের নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট’ ঘোষণা

by Nur Alam Khan

জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে নতুন বামপন্থী জোট ‘গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের উদ্যোগে আয়োজিত জাতীয় কনভেনশন থেকে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসে। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী কনভেনশনের কার্যক্রম শুরু হয়। কনভেনশনে বিভিন্ন বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল ও উদারনৈতিক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক, কৃষক, নারী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলীসহ প্রায় দেড় হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। ঘোষণাপত্র পাঠ করেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এবং পরিচালনা করেন বাসদ (মার্কসবাদী) নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য্য।

কনভেনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক সোহরাব হোসেন, প্রকৌশলী মনির উদ্দিন আহমেদ, কবি মোহন রায়হান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, ইউপিডিএফ নেতা অংকন চাকমা, ঐক্য ন্যাপ সভাপতি এস এ সবুরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৯০—এই ঐতিহাসিক গণসংগ্রামগুলো বিজয় অর্জন করলেও বারবার সেই বিজয় জনগণের হাতছাড়া হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ১৫ মাসের মাথায় বর্তমান পরিস্থিতিও তেমনই দিকেই যাচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

অধিবেশনে আরও বক্তব্য রাখেন বাসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, কমরেড মোশরেফা মিশু, সৈয়দ হারুন, মাসদু রানা, আব্দুল আলী, ডা. হারুন অর রশীদ, নারী নেত্রী সীমা দত্ত, জলি তালুকদার, রুখশানা আফরোজ আশা, শ্রমিক নেতা শামীম ইমাম, সোহেল আহমেদ, সুফি সৈয়দ মুহাম্মদ রায়হান শাহ, শিপন রবিদাসসহ অনেকে।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, যুক্তফ্রন্ট গঠন সময়ের দাবি হলেও এটি কেবল নির্বাচনী জোট নয়—বরং সমাজ বদলের লক্ষ্যে বিপ্লবী শক্তির ঐক্য হতে হবে। তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি দীর্ঘ ৫৪ বছর ক্ষমতায় থেকেও জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে; তাই পরিবর্তনের জন্য বাম ও প্রগতিশীলদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। মানুষের ত্যাগের পরও বুর্জোয়া শক্তিই ক্ষমতায় যায়—ফলে মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন ঘটে না। এ জন্য তিনি সাংস্কৃতিক আন্দোলনকে বিপ্লবের অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন।

টিএইচএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222