সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে বলে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন সারাদেশে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তারেক রহমান ঠিক এরশাদের মতোই রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন।
তিনি আরও বলেন, তারা বারবার গণতন্ত্রকে তাদের একমাত্র রাজনীতির বস্তু হিসেবে ব্যবহার করেছেন বিগত ১৭/১৮ বছর। কিন্তু নির্বাচিত হওয়ার পরপর তারা গণতন্ত্র ভুলে গেছেন। তারা এখন সব জায়গায় ধরে ধরে নিজেদের লোক বসিয়ে দিয়েছেন। যারা জনপ্রতিনিধি হতে ব্যর্থ হয়েছেন, নির্বাচনে পরাজিত হয়েছেন এবং যারা নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তাদের দিয়ে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো চালানোর পাঁয়তারা চলছে।
বর্তমান সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও স্থানীয় সরকারের যে অচল অবস্থা আছে, সেটা ভেঙে জনগণকে জনগণের যে সেবার যে কাজ সেটা অব্যাহত রাখার জন্য স্থানীয়ভাবে নির্বাচন আয়োজন করুন। নইলে এরশাদের মতো দেশ চালালে এরশাদের মতোই পরিণতি ভোগ করতে হতে পারে, সেটাও মাথায় রাখবেন।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রধানমন্ত্রী হলেন। আমরা দেখছি যে বিগত সময়ে যারা পশ্চিমবঙ্গের সরকারে ছিলেন, তাদের সঙ্গে খুব সুসম্পর্ক না থাকলেও তারা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এখন আমরা বর্তমানে যারা আছেন, তাদের থেকে সেরকমটা ছিল না। আমরা তাদের আহ্বান জানাব, আপনাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলাই ভালো।’
তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় দেখার জন্য বাংলাদেশের দলগুলোই যথেষ্ট। আমরা এটাও শঙ্কা প্রকাশ করছি, যে উগ্রপন্থিরা সেখানে ক্ষমতায় আসছে, আগামীতে আমাদের সম্পর্ক কেমন হবে? কিংবা পরিস্থিতি কিরকম হবে? এটা নিয়ে এখন আমাদের শঙ্কা আছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য আমাদের রাজনৈতিক লড়াই অব্যত রাখব।’
হাআমা/
