নারায়ণগঞ্জে গ্যাসলাইন সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কয়েকটি এলাকায় তিতাস গ্যাস লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা। আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের ত্রিবেনীপুল থেকে নোয়াদ্দা পর্যন্ত এই মানববন্ধন হয়। পরে ত্রিবেনীপুল, নোয়াদ্দা, এনায়েতনগর, সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহমুদনগর, ফরাজিকান্দা, মদনগঞ্জ, শান্তিনগরসহ কয়েকটি এলাকার মানুষ সড়ক অবরোধে যুক্ত হয়। ত্রিবেনীপুলের সামনে ভুক্তভোগী মনির হোসেনের আহ্বানে ১২টি এলাকার মানুষ মানববন্ধনে অংশ নেয়। কর্মসূচি দীর্ঘ হলে তা সড়ক অবরোধে রূপ নেয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন
banner

মানববন্ধনে উপস্থিত হয়ে ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার আন্দোলনকারীদের দাবি সমর্থন করে দ্রুত তিতাস গ্যাস লাইন সংস্কারের আহ্বান জানান। এদিকে বন্দর থানা বিএনপির সভাপতি ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেনশাহ আহমেদ এসে নাসিক ও তিতাস কর্তৃপক্ষকে দুই দিনের মধ্যে গ্যাস লাইন সংস্কারের দাবি জানান।

ভুক্তভোগীদের অভিযোগ, “তিন বছর ধরে গ্যাস সংকটে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।” আব্দুস সালাম বলেন, “ছোট চাকরির আয় দিয়ে সিলিন্ডার বা লাকড়ি কেনা কষ্টসাধ্য। অর্ধেকের বেশি বেতন জ্বালানিতেই শেষ হয়ে যায়।” হোসিয়ারি শ্রমিক জাহানারা আক্তার বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কষ্ট আরো বেড়েছে। সকালে কাজের আগে গরম পানি করা যায় না। রান্না করতে গেলে চোখ জ্বালা করে, তবু লাকড়ির ধোঁয়া সহ্য করতে হয়। নিয়মিত বিল দেওয়ার পরও গ্যাস না পাওয়ায় আমরা হতাশ।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222