জামালপুরে চাচা হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

by Masudul Kadir

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের লক্ষ্মীরচর ইউনিয়নে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে চাচা আব্দুল হক হত্যা মামলার প্রধান আসামি ভাতিজা আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শনিবার জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে চাচা আব্দুল হকের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ভাতিজা আব্দুস সালাম। হামলার একপর্যায়ে ভাতিজা সালামের আঘাতে চাচা আব্দুল হক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের হওয়ার পরপরই পুলিশের একটি দল আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

বিজ্ঞাপন
banner

পরবর্তীতে জেলা পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে বুধবার সকালে গাজীপুরের গাছা এলাকা থেকে প্রধান আসামি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আইনি প্রক্রিয়ায় বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222