নতুন বাজেটে বড় চমক, মিলবে দ্রুত ওয়ার্ক পারমিট ও ভিসা

by Masudul Kadir

৩৬ নিউজ ডেস্ক: দেশের অর্থনীতিতে গতি ফেরাতে ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পরিকল্পনা অনুযায়ী, বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট মাত্র সাতদিনের মধ্যে এবং বিনিয়োগকারী ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা ১০ দিনের মধ্যে প্রদানের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে দেশের ৫৫তম এই বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করা হবে, যা বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুর প্রথম বাজেট উপস্থাপন।

বিজ্ঞাপন
banner

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিশাল এই বাজেটের বিপরীতে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে নতুন অর্থবছরে সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে বিশাল ব্যবধান বা ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের এই বড় ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎসের ওপরই সমানভাবে নির্ভর করার পরিকল্পনা গ্রহণ করেছে।

বাজেটের তথ্য অনুযায়ী, ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে বাকি ১ লাখ ২৭ হাজার কোটি টাকা। এই অভ্যন্তরীণ উৎসের মধ্যে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। এ ছাড়া সাধারণ মানুষের সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে আরও ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন এই অর্থবছর আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222