ক্রীড়া প্রতিবেদক :: আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পেলো বাংলাদেশের ক্লাব ফুটবলের অন্যতম অংশীদার বসুন্ধরা কিংস।। ২০২৫-২৬ মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের সাফল্যের জন্য ক্লাবটিকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বসুন্ধরা কিংসের একটি ছবি প্রকাশ করে ইনফান্তিনো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানান। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের এমন বার্তা দেশের ক্লাব ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই স্বীকৃতি শুধু বসুন্ধরা কিংসের সাফল্যকেই তুলে ধরে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলের ইতিবাচক অগ্রগতিরও প্রতিফলন ঘটায়।
সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিল বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতে তারা ঘরোয়া ট্রেবল পূর্ণ করে। পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্স, শক্তিশালী দলগঠন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ক্লাবটি।
পরিসংখ্যান অনুযায়ী, বসুন্ধরা কিংস এখন পর্যন্ত ছয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে, যার মধ্যে পাঁচটি এসেছে টানা মৌসুমে। পাশাপাশি ফেডারেশন কাপেও পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে তারা, যেখানে সর্বশেষ তিনটি শিরোপা টানা জয়ের কৃতিত্ব রয়েছে।
গত কয়েক বছরে দেশের ক্লাব ফুটবলে যে মানদণ্ড স্থাপন করেছে বসুন্ধরা কিংস, তা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে। ফিফা সভাপতির এই অভিনন্দন বার্তা সেই ধারাবাহিক সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।
