জামালপুরে শতাধিক পুশইন চেষ্টা ব্যর্থ, সীমান্তে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থান

by Masudul Kadir

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): ভারত থেকে জামালপুর এবং কুড়িগ্রাম সীমান্ত এলাকার ৮টি পয়েন্ট দিয়ে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান এবং নজরদারির কারণে বিএসএফের সেই পুশইন চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার দুপুরে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গভীর রাতে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির আওতাধীন সীমান্তের বিভিন্ন এলাকায় এই পুশইনের ঘটনাগুলো ঘটে। সোমবার রাত ১২টা থেকে দাঁতভাঙা বিওপির ১০৫৪ নম্বর সীমান্ত পিলার, মুল্লারচর সীমান্ত পিলার ১০৬২ এর পাশে কুচুনিমারা, ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে মানকারচর, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে সদরটিলা, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে লুকায়েরচর, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে বালুরঘাট, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে দর্গাপাড়া এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে বিলডুবা এলাকায় বিএসএফ হঠাৎ শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাতের আঁধারে ভারত এসব পয়েন্টে আচমকা লাইট অফ করে দিলে বিজিবির টহল দলের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে সীমান্তে অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও টহল জোরদার করার পাশাপাশি বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং তাদের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমান পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পালাক্রমে সীমান্ত পাহারায় যোগ দিয়েছেন। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপতৎপরতা মোকাবিলায় সীমান্তজুড়ে এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222