এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা কঠোর অবস্থান নিয়েছেন।
বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের এই চেষ্টা চালানো হয়। ঘটনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে বিজিবির আধা ঘণ্টাব্যাপী একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি।
স্থানীয় ও বিজিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করেন। বিজিবি ও স্থানীয়দের তীব্র বাধার মুখে পুশইনের শিকার ওই ব্যক্তি সীমান্তের জিরো পয়েন্ট তথা নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নিতে বাধ্য হন। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও বিএসএফ ওই ব্যক্তিকে ভারতীয় ভূখণ্ডে ফেরত নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে নো ম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়।
পতাকা বৈঠক সফল না হওয়ায় সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বিএসএফের পক্ষ থেকে বারবার ওই ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হচ্ছে। এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে সীমান্ত রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ যেন না ঘটতে পারে, সেজন্য স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থান বজায় রেখেছে।
টিএইচএ/
