হোয়াইট হাউসের কাছে সাম্প্রতিক গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে আফগানদের জড়িত দেখানোর চেষ্টা থাকতে পারে বলে উল্লেখ করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ইসলামিক আমিরাত (IEA)।
সিএনএন-নিউজ১৮–কে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক আমিরাতের রাজনৈতিক দফতরের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, আফগানিস্তান বহুদিন ধরে অন্য দেশের বিরুদ্ধে হামলার উদ্দেশ্যে তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার নীতিতে অটল আছে।
তিনি বলেন, ‘আমাদের নীতি পরিষ্কার — আমরা কাউকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে বিদেশে হামলা চালানোর অনুমতি দিই না। তাই তথ্যভিত্তিক ও পক্ষপাতহীন তদন্ত জরুরি। সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে তদন্ত প্রয়োজন।’
শাহীন আরও ইঙ্গিত দেন, বহিরাগত গোয়েন্দা নেটওয়ার্কগুলো ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আফগানিদের জড়ানোর চেষ্টা করতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এ ধরনের কিছু করতে পারে কি না—এ প্রশ্নে তিনি কোনো সম্ভাবনাই খারিজ করেননি।
তিনি বলেন, ‘আমি কোনো সম্ভাবনাকেই পুরোপুরি নাকচ করছি না। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না।’
আফগান কর্মকর্তারা পুনরায় বলেন, দোষারোপ করতে হলে তা প্রমাণের ভিত্তিতে করতে হবে, অনুমানের ওপর নয়। যুক্তরাষ্ট্রের চলমান তদন্ত প্রক্রিয়া শেষে পরিষ্কার সিদ্ধান্ত আসার প্রত্যাশাই তাদের মূল লক্ষ্য—বিবাদ নয়। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ : আতাউল্লাহ নাবহান মামদুহ
হাআমা/
