আসুন ঐক্যবদ্ধ হয়ে কুরআনের আইন চালু করি : অধ্যাপক মুজিবুর রহমান

by hsnalmahmud@gmail.com

পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটদলীয় জোটের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বেলস পার্কে আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।

জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরাও সমাবেশে বক্তব্য দেন।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, ‘যারা ক্ষমতার লোভে দেশের সম্পদ পাচার করেছে, মানুষকে খুন করেছে, মা-বোনের বুক খালি করেছে—তাদের জায়গা বাংলার মাটিতে নেই। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্টেশন দখলকারীদের পায়ের নিচের মাটি সরে গেছে। সময় থাকতেই পরিবর্তন হন।”

তিনি আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, অবিচার, খুনাখুনি থাকবে না। দেশের টাকা বিদেশে পাচার হবেনা।’

সমাবেশে তিনি বেগম খালেদা জিয়া ও জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। কুরআনে হিজবুল্লাহ ও হিজবুশ শয়তানের কথা বলা হয়েছে—আমরা আল্লাহর দলে থাকতে চাই। কুরআনের আইন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের ইসলামবিরোধী ধারা সংস্কারের মাধ্যমে বাতিল করতে হবে। একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে—তাদের সহযোগীদেরও নিষিদ্ধ করতে হবে।’

তিনি সমাবেশ থেকে আটদলীয় জোটকে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘ইসলামী হুকুমত হলে হিন্দু–মুসলিম–বৌদ্ধ–খ্রিস্টান সবাই স্বাধীনভাবে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে। কেউ খাবে আর কেউ খাবেনা — এমনটি হবে না। সবাই একসাথে সুখে-দুঃখে ভাগাভাগি করে থাকবে।’

তিনি বলেন, আজকের সমাবেশ দেখে “জালিম ও চাঁদাবাজরা নাখোশ হবে, কিন্তু মুক্তিকামী মানুষ আশার আলো দেখবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসির আজাদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, মাওলানা জালালুদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিনসহ জাগপা, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222