>>তানবিরুল হক আবিদ
মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে আগামী শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাজধানীর যাত্রাবাড়ী বড় মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০তম মারকাজি ইজতেমা। সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
দাওয়াতুল হকের আমির, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়ার মুহতামিম এবং আল-হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমূদুল হাসান ইতোমধ্যেই এ ইজতেমায় উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এবং সার্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
প্রেরিত দাওয়াতনামায় জানানো হয়, আগামী ১৪ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি মোতাবিক ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ৯টা থেকে যাত্রাবাড়ী বড় মাদরাসা মাঠে মজলিসে দাওয়াতুল হকের বার্ষিক মারকাজি ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমায় মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সকল হালকার আমীর, নায়েবে আমীর, ইমাম, মুয়াজ্জিন, উলামা-মাশায়েখসহ ধর্মপ্রাণ মুসলমানদের সময়মতো উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
প্রচার সম্পাদক রিদওয়ানুল হাসান ৩৬ নিউজকে জানিয়েছেন, এবারের ইজতিমার বিশেষ আকর্ষণ হচ্ছে যাত্রাবাড়ি বড় মাদরাসার বিগত ৫০ বছরের ফারেগিন শিক্ষার্থীদের একত্র করতে একটি ছাত্র কাফেলা গঠন করা হয়েছে- আবনায়ে মুহিউস সুন্নাহ নামে। তার আনুষ্ঠানিক যাত্রা এবারের ৩০ তম মারকাজি ইজতিমার মাধ্যমে শুরু হবে ইনশাল্লাহ। সবকিছু ঠিক থাকলে আগামি ২০২৬ সালের শেষ দিকে একটি পুনর্মিলনী আনুষ্ঠান আয়োজিত হবে। ইজতেমাকে সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি ও ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
টিএইচএ/
