আন্তর্জাতিক ডেস্ক: চিরবিদায় নিয়েছেন আকসার ইমাম শেখ ওয়ালিদ সিয়াম।
বৃহস্পতিবার (৪ জুন) জেরুজালেমে ৭১ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরে তিনি মারাত্মক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ওয়াদি হিলওয়াহ ইনফরমেশন সেন্টার’ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, এক বর্ণাঢ্য শিক্ষাজীবন এবং দ্বীনি দাওয়াতের দীর্ঘ সফর শেষে তিনি পরকালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শেখ ওয়ালিদ সিয়াম জেরুজালেমের অন্যতম শীর্ষস্থানীয় আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। পবিত্র মসজিদুল আকসার ইমামতির পাশাপাশি তিনি কয়েক দশক ধরে কুরআন শিক্ষা, তাজবিদ ও ইসলামি মূল্যবোধ প্রচারে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর হাত ধরে জেরুজালেমের কয়েক প্রজন্মের তরুণরা ধর্মীয় শিক্ষায় দীক্ষিত হয়েছেন।
জেরুজালেমে ইসলামি শরিয়াহর ওপর উচ্চশিক্ষা সম্পন্ন করা এই প্রবীণ আলেম আকসার আঙিনায় নিয়মিত কুরআনের দরস ও হাদিসের পাঠ দিতেন। ধর্মীয় প্রচারণার পাশাপাশি তিনি একজন নিবন্ধিত কাজী এবং ইসলামি ওয়ায়েজ হিসেবেও দায়িত্ব পালন করেন। ফিলিস্তিনিদের অধিকার ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে ২০১৯ সালে ইসরায়েলি বাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন এবং বেশ কিছু দিন গৃহবন্দি অবস্থায় কাটান।
গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও শেষ দিনগুলোতে তিনি হুইলচেয়ারে করে মসজিদুল আকসায় আসতেন, যা স্থানীয় মুসলমানদের অনুপ্রাণিত করত। তাঁর প্রস্থানে জেরুজালেমসহ সমগ্র ফিলিস্তিনের মুসলিম কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনি নাগরিকরা আকসার এই ‘অনন্য কণ্ঠস্বর’ ও বিশিষ্ট আলেমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। ফিলিস্তিনের অন্যতম শীর্ষ আলেম শেখ হুসামুদ্দিন আফানাহ তাঁর প্রিয় ছাত্রের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, শেখ ওয়ালিদ সিয়াম ছিলেন মসজিদুল আকসা ও দারুল কুরআনের অনন্য পথপ্রদর্শক। জ্ঞান, নৈতিকতা, আদব ও নিষ্ঠার দিক থেকে তিনি ছিলেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ ছাত্র।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
