অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতের সব বিচারপতি সর্বসম্মতভাবে হাইকোর্টের রায়ের সঙ্গে একমত পোষণ করেন।
রায়ে আপিল বিভাগ বলেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ফলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
বুধবার লিভ টু আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল।
শুনানিতে আইনজীবীরা আরও যুক্তি দেন, গণঅভ্যুত্থানের পর গঠিত সরকারের বিরুদ্ধে বৈধতা প্রশ্ন করা আত্মঘাতী ও পরস্পরবিরোধী। যে সরকার দায়িত্ব গ্রহণের পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা অসংগত।
রিটকারী আইনজীবী মহসিন রশিদ দাবি করেছিলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার প্রক্রিয়া অনুসৃত হয়নি। ফলে সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে বলে তিনি মনে করেন।
গত বছরের ডিসেম্বরে এই রিটটি খারিজ করে হাইকোর্ট বলেছিল—জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। পরে রিটকারী আপিল বিভাগে আপিলের অনুমতি চান। আজ আপিল বিভাগ সেই আবেদনও খারিজ করে দেয়।
এর ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আইনি বিতর্কের অবসান ঘটল বলে মনে করা হচ্ছে।
টিএইচএ/
