নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারা দেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনে আচরণবিধি পালন নিশ্চিতে সব উপজেলায় অন্তত ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে জানানো হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের ২ দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এআইএল/
