ইংল্যান্ডে চিকিৎসকদের চলমান ধর্মঘটের কারণে স্বাস্থ্যসেবায় গুরুতর প্রভাব পড়েছে। পাঁচ দিনের ধর্মঘটের দ্বিতীয় দিনে এসে দেশটির বেশ কয়েকটি হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে সাধারণ ও অ-জরুরি চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
চিকিৎসকদের ধর্মঘটের মধ্যেই দেশে তীব্র ফ্লু সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। এতে রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ধর্মঘটের কারণে প্রায় ৭০ হাজার অস্ত্রোপচার ও চিকিৎসা-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ধর্মঘটরত চিকিৎসকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেছেন, রোগীদের যেন অসহায় অবস্থায় ফেলে না দেওয়া হয়। তিনি দ্রুত সমাধানের আহ্বান জানান।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
