আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বকাপ শুরুর পরপরই এফবিআইয়ের ড্রোন হ্যাক করার দাবি করেছে ইরান-ঘনিষ্ঠ একটি হ্যাকার গোষ্ঠী। ইরান সংশ্লিষ্ট গ্রুপ বিশ্বকাপ ফুটবলের আসরে হামলার হুমকিও দিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। খবর: সিবিএস নিউজ।
‘হান্দালা’ নামে ওই হ্যাকার গ্রুপের একটি বিবৃতি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এতে দাবি করা হয়, এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোন থেকে সংগ্রহ করা ‘প্রতিটি ছবি এবং প্রতিটি সন্দেহভাজনের’ তথ্য তাদের কাছে রয়েছে এবং তারা কয়েক মাস ধরে এসব তথ্যের নাগাল পেয়েছে।
হান্দালার দাবি, সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহৃত এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে।
বিবৃতিতে হান্দালা আরও বলেছে, বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করুন। কিছু দলকে আমরা মোটেও পছন্দ করি না। ভুলে যাবেন না, এফপিভি ড্রোন সর্বত্র রয়েছে; কখন কোনো একটি আপনার দলের বাসে গিয়ে পৌঁছাবে, তা আপনি জানেন না।
বিশ্বকাপ চলাকালে অননুমোদিত উড়োজাহাজ ঠেকাতে এফবিআই স্টেডিয়ামগুলোর আশপাশে ড্রোন মোতায়েন করেছে। টুর্নামেন্টের ম্যাচ আয়োজিত যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর ওপর এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্ট এলাকাগুলোতেও ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ইরানি পক্ষ থেকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছিল মার্কিন বিচার বিভাগ।
এদিকে হান্দালা কিছু ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করেছে, সেগুলো হ্যাক করা ড্রোন থেকে সংগ্রহ করা। তবে এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।
সংস্থাটির মতে, কথিত হ্যাকের একটি ভিডিও আসলে ২০২৪ সালের ডিসেম্বরে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ভিডিওটি যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগের টর্নেডো-পরবর্তী ক্ষয়ক্ষতি জরিপে প্রযুক্তি ব্যবহারের প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল।
এর আগে মার্চ মাসে হান্দালা এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার দাবিও করেছিল। সে সময় তারা ব্যক্তিগত ছবি ও অন্যান্য তথ্য অনলাইনে প্রকাশ করে।
হান্দালা গোষ্ঠীর সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
