ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার (২০ ডিসেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সম্মুখসারির একজন সংগঠক ছিলেন। তিনি ‘ইনকিলাব মঞ্চ’ নামে একটি সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে রাজধানীর বিজয়নগর এলাকার ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে রিকশায় থাকা ওসমান হাদিকে আহত করে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।
টিএইচএ/
