লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার বসতঘরে আগুন দেওয়ার ঘটনায় তার সাত বছরের কন্যা সহ ওই নেতা ও তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন ।
ঘটনাটি ঘটে শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায়। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
নিহত শিশুর নাম আয়েশা আক্তার (৭)। আহতরা হলেন তার বাবা বেলাল হোসেন এবং দুই বোন বিথি আক্তার ও স্মৃতি আক্তার। গুরুতর দগ্ধ অবস্থায় বিথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রাতে বেলাল হোসেন স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় আয়েশা দগ্ধ হয়ে মারা যায় এবং বেলালসহ তার দুই মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসায়ী। তার বাড়িটি বাজারের পশ্চিম পাশে অবস্থিত।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক শিশুর মৃত্যু হয়েছে এবং তিনজন দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
টিএইচএ/
