ভারতে দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক বর্তমান ও সাবেক সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ঘুষ কেলেঙ্কারির মামলায় সিবিআই একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মা এবং বিনোদ কুমার নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ মামলায় লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার শর্মা ও তার স্ত্রী কর্নেল কাজলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনে এক নারীর সঙ্গে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন ভারতীয় সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সেনা সদস্য অজিত সিং পাঞ্জাবের ৪২ মিডিয়াম রেজিমেন্টে কর্মরত বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে, নেপাল সীমান্তের কাছে ভারতের রক্সোল এলাকা থেকে একজন সাবেক ভারতীয় সেনা সদস্যকে হেরোইন ও গ্রেনেডসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক সেনা সদস্য রাজবীর সিংয়ের কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম হেরোইন ও একটি গ্রেনেড উদ্ধার করা হয়।
ভারতীয় পত্রিকাগুলোর তথ্য অনুযায়ী, ওই সাবেক সেনা সদস্য ও তার এক সহযোগী দীর্ঘদিন ধরে একটি মাদক পাচার চক্র পরিচালনা করছিল।
ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
