শহিদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশে ইসলামি শক্তিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ–৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন।
সোমবার (২২ ডিসেম্বর) কিশোরগঞ্জের ভৈরব প্যালেস পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উলামা–সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে ইমাম, আলেম-উলামা ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মাওলানা আতাউল্লাহ আমীন বলেন,
দেশে একটি পরিবর্তনের ধারা সূচিত হয়েছে এবং এই পরিবর্তনে তরুণ ও যুবসমাজের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা মাঠে সক্রিয় রয়েছে। পাশাপাশি ছাত্রসমাজও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হচ্ছে।
শহিদ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,
যে আদর্শিক পরিবর্তনের স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়নে ইসলামি শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এই লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে আটটি ইসলামি রাজনৈতিক দল একত্রিত হয়েছে বলেও জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,
ভৈরব আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস আট দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবে। জনগণের সমর্থন পেলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে গরিব, অসহায় ও মেহনতি মানুষের অধিকারসহ সব শ্রেণির মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব শাহী মসজিদের খতিব মাওলানা উমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা জহিরুল ইসলাম, আল হেরা মহিলা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইসমাইল সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সেক্রেটারি মাওলানা উসমান গনী, মাওলানা মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আজিজুর রহমান, মাওলানা শাহ আলম ও মাওলানা মোরশেদুল আলম।
টিএইচএ/
