ড. খলিলের অর্জনে কিছু প্রশ্ন ও কিছু উদ্বেগ 

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তবে একই সঙ্গে এ অর্জনকে ঘিরে তিনি কিছু প্রশ্ন ও উদ্বেগের কথাও তুলে ধরেছেন।

শুক্রবার (৫ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি মর্যাদাপূর্ণ অর্জন এবং বর্তমান সরকারের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য। তবে জাতিসংঘের বর্তমান ভূমিকা ও কার্যকারিতা নিয়ে বিদ্যমান বিতর্কের কারণে এ অর্জনকে সরলভাবে উদযাপন করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন
banner

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে পরাশক্তিগুলোর প্রভাবমুক্ত থেকে সংস্থাটি কতটা কার্যকরভাবে কাজ করতে পারছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও আলোচনা রয়েছে। এ কারণে জাতিসংঘের শীর্ষ কোনো পদে দায়িত্ব গ্রহণের বিষয়টিকে শুধু সম্মানের অর্জন হিসেবে নয়, বরং বাস্তব ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি ড. খলিলুর রহমানের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে তাঁর সম্পৃক্ততায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তা নিয়ে সমাজের বিভিন্ন মহলে সমালোচনা ও উদ্বেগ রয়েছে। ফলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে তাঁর নির্বাচনকে ঘিরেও নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

জমিয়ত সভাপতি বলেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে ড. খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষা করতে পারেন, সেটিই হবে মূল বিবেচনার বিষয়। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধান, সীমান্ত ইস্যু, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বিভিন্ন বিরোধ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালীকরণ এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যাগুলোর সমাধানে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হলে এ অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ ও সার্থক হিসেবে বিবেচনা করা হবে। অন্যথায় এ পদ লাভের বাস্তব সুফল নিয়ে প্রশ্ন থেকেই যাবে।

সবশেষে তিনি দেশের কল্যাণ, মর্যাদা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইতিবাচক ফলাফল কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222