রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের। খেলা শুরুর আগে সম্পন্ন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজন। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সংগীত, এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
এরপর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। স্টেডিয়ামের চারপাশে একসঙ্গে উড়ানো হয় প্রায় ২৫ হাজার বেলুন। একই সময়ে দর্শকদের জন্য আয়োজন করা হয় ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনী।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার প্রয়াণে বিসিবি আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিল। বিপিএলের উদ্বোধনী দিনেও তার স্মরণে বিশেষ সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোক প্রদর্শনী শেষ হওয়ার পর অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচের টস। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ম্যাচ শেষে থাকছে উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। সেখানে নাচ ও গানের পরিবেশনায় অংশ নেবেন জনপ্রিয় শিল্পীরা। ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করা হবে। সংগীতানুষ্ঠানের কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন ফুয়াদ মুকতাদির। প্রায় ৪৫ মিনিটব্যাপী এই আয়োজন শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
টিএইচএ/
