মেহেরপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দোকানে ডাকাতি

by Fatih Work

মেহেরপুরে একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে ও হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দোকান মালিক। আহত দোকান মালিকের নাম নাহিদ ইসলাম (৩৪)। তিনি ওই দোকানের মালিক।

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের টাওয়ার পাড়ায় অবস্থিত এনএস টেলিকম নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন জন মুখোশধারী ডাকাত একটি মোটরসাইকেলে এসে ওই দোকানে প্রবেশ করে। এসময় তারা দেশীয় অস্ত্রের মুখে নাহিদকে জিম্মি করে তার ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়—এই চারটি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল ফোনও ছিনতাই করে। এক পর্যায়ে ডাকাতরা নাহিদকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে এবং পালিয়ে যাওয়ার সময় দোকানের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত ব্যবসায়ী নাহিদ ইসলামের দাবি, এই ঘটনায় নগদ এক লাখ ৯০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের চারটি ফোন লুট করা হয়েছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222