হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন, এ ধরনের পদক্ষেপ যুদ্ধের শামিল।
নতুন বছরের প্রথম দিন নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব নেওয়া মামদানি নিউইয়র্ক টাইমসকে দেওয়া প্রতিক্রিয়ায় জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপই নয়, বরং দেশীয় ও আন্তর্জাতিক উভয় আইনেরই গুরুতর লঙ্ঘন। তিনি বলেন, এমন হামলা বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকি সৃষ্টি করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউইয়র্কের মেয়র বলেন, নগ্নভাবে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা কেবল সেই দেশের জনগণের ওপর প্রভাব ফেলে না, বরং এর প্রভাব নিউইয়র্কবাসীদের জীবনেও পড়ে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত হাজারো ভেনেজুয়েলান অভিবাসী এ ধরনের পদক্ষেপে সরাসরি ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেন তিনি।
টিএইচএ/
