পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটি আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এটমটেক এনার্গো কোম্পানির একজন কর্মী ছিলেন। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাকসিমের সঙ্গে একই কক্ষে থাকা আরেক রুশ নাগরিক ফ্রোলিওভ কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে ফিরে কক্ষে ঢুকে মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে কোম্পানির নিরাপত্তা টিম, রুশ চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। এরপর আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি রাশিয়ার দূতাবাসের মাধ্যমে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেবে।
টিএইচএ/
