গুম কমিশনের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুললেন শাইখ হারুন ইজহার

by hsnalmahmud@gmail.com

আমানুল্লাহ নাবিল মামদুহ >>

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জমা দেওয়া প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আলেম ও গবেষক শাইখ আল্লামা হারুন ইজহার। তিনি অভিযোগ করেছেন, প্রতিবেদনে গুমের ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে, যেখানে “জঙ্গি নাটক” সংশ্লিষ্ট বহু ভুক্তভোগীর বিষয় উপেক্ষিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

নিজের ফেসবুক পোস্টে হারুন ইজহার বলেন, কিছুদিন আগে তিনি কমিশনের কার্যালয়ে গিয়ে কয়েকজন নিরীহ ভুক্তভোগীর বিষয়ে কথা বলেন। সে সময় কমিশনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার সরকারের সময় ‘জঙ্গি নাটক’-এর শিকার ভুক্তভোগীদের অভিযোগের সংখ্যা রাজনৈতিক কারণে গুমের অভিযোগের তুলনায় বেশি ছিল।

তবে কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে কেবল রাজনৈতিক গুমের বিষয় সামনে আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে বাস্তব চিত্র আড়াল হয়েছে।

“জঙ্গি নাটকের গুম” উপেক্ষিত দাবি

হারুন ইজহার দাবি করেন, তার কাছে এমন বহু কেস স্টাডি আছে যেখানে একেবারে নিরীহ আলেম ও তরুণদের গুম করে পরে আদালতের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার আশঙ্কায় এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

তার ভাষায়, “জঙ্গি নাটকের বিষয়টা পশ্চিমা প্রভুরা ভালোভাবে নেবে না — এই হীনমন্যতা থেকেই রাজনৈতিক পারসেপশন দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, হাসিনার আমলে গুম হয়ে পরবর্তীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কেউ কেউ এর আগে চারদলীয় জোট সরকারের সময় কাউন্টার টেররিজমে সংশ্লিষ্ট ছিলেন এবং বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন। পরবর্তীতে তাদেরও ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনের পরিসর বাড়ানোর আহ্বান

হারুন ইজহার গুম কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে ‘জঙ্গি নাটক’-এর নামে হওয়া গুমের ঘটনাগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা উচিত ছিল।

তার মতে, ‘সাহস করে সত্যটা বলা দরকার। জঙ্গি নাটকের গুমের বিষয়টি সামনে আনতে হবে এবং এটাও বলতে হবে যে, জঙ্গিবাদ প্রশ্নে অনেক ক্ষেত্রে তিলকে তাল বানানো হয়েছে।’

এ বিষয়ে এখনো পর্যন্ত গুম কমিশন অব ইনকোয়ারির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222