তীব্র শীত ও কনকনে হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে আক্রান্ত হয়েছে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাসে গত কয়েকদিন ধরেই জেলার তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে আজ হঠাৎ করেই তা নেমে এসেছে ৮ ডিগ্রির ঘরে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।
এর আগের দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় হিম বাতাসের প্রভাবে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।
হিমালয় নিকটবর্তী হওয়ায় পুরো অঞ্চল এখন কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢেকে আছে। কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, চা শ্রমিক ও পাথর শ্রমিকরা। প্রচণ্ড ঠান্ডার কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছেন না, ফলে আয়ও কমে গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সকাল ও সন্ধ্যার পর এলাকায় ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং আপাতত শীতের এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
টিএইচএ/
