মীরসরাইয়ে বিপিসির পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, তেল ছড়িয়ে এলাকায় আতঙ্ক

by Fatih Work

চট্টগ্রামের মীরসরাইয়ে বিপিসির অঙ্গপ্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানির পাইপলাইন ফুটা করে তেল চুরির ঘটনা ঘটেছে। কোম্পানির চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে অভিনব কৌশলে এই অপকর্ম চালানো হচ্ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘর ও জমির মালিক নুরজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি ডোবায় জ্বালানি তেল ভাসতে দেখেন স্থানীয়রা। এর পরই বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা জানান, কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।

বিজ্ঞাপন
banner

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট বাজার এলাকায় বিপিসির তেল সঞ্চালন লাইনের ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করা হয়। ঘরটির মালিক মো. আফসার জনৈক আমিরুল ইসলামের কাছে সেটি ভাড়া দেন। ভাড়া নেওয়ার পর আমিরুল একটি সংঘবদ্ধ চক্রের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে প্রায় ১২ ফুট নিচ দিয়ে যাওয়া বিপিসির পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল সংগ্রহ শুরু করেন। একপর্যায়ে পাইপলাইনের ফুটা বড় হয়ে বৃহস্পতিবার অনিয়ন্ত্রিতভাবে তেল বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনা দেখে আমিরুল পালিয়ে যান। এদিকে, পাশের ডোবায় তেল ভাসতে দেখে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে নিরাপত্তা বলয় তৈরি করে। তেল ছড়িয়ে পড়ায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কায় পতিত হয় পুরো এলাকা। ডোবাসহ আশপাশে দাহ্য তেলের গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১টায় প্রশাসনকে খবর দিলে বেরিয়ে আসে তেল চুরির রহস্য। লাইন ফুটা করা ব্যক্তি পালিয়ে গেলেও ঘরের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার বলেন, “ঘটনাটি জানতে পেরে দ্রুত আমরা পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিকে খবর দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পাঠাই। আল্লাহর রহমতে কেউ সেখানে দিয়াশলাই বা কোনোভাবে আগুন জ্বালায়নি। নইলে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসতো এলাকায়।”

টিনশেড ঘরটির মালিক নুরজাহান বলেন, “প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তার স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করা হয়নি।”

মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, “আমরা ঘর ও জমির মালিক নুরজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। তেলের পরিমাণ আনুমানিক কয়েক হাজার গ্যালন হতে পারে।”

পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনের এই ফুটা মেরামত করেন।

বাংলাদেশ পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির উপ-মহাব্যবস্থাপক তৌফিকুল ইসলাম বলেন, “আমাদের উপ-মহাব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ একটি টিম ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি নিরসনে ব্যস্ত। ক্ষতির পরিমাণ ও অন্যান্য বিষয় চূড়ান্ত নিরীক্ষণ সাপেক্ষে বলা যাবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222