২৪ ঘন্টা মধ্যে এনসিপি নেতার ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার

by Fatih Work

গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত ইয়ামাহা ব্র্যান্ডের আর-১৫ মোটরসাইকেলটি উদ্ধার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বাসন থানার যোগিতলা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন।

ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে যোগিতলা এলাকায় যায়। একপর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222