পটুয়াখালীর বাউফলে সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্পূর্ণ বেতন-ভাতা তাদের সহায়তায় প্রদান করেছেন এবং তাদের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণসহ নিয়মিত খাদ্যের ব্যবস্থার বিশেষ উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ভিডিও বার্তায় তিনি জানান, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের তিন প্রতিবন্ধী ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের মানবেতর জীবনযাপনের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তিনি তা গুরুত্বের সাথে আমলে নেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের বেতন-ভাতার সমপরিমাণ অর্থ তাদের সহায়তায় তুলে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও ভিডিওচিত্রের মাধ্যমে এই অসহায় পরিবারটির দুঃখ-দুর্দশার চিত্র তার নজরে আসে উল্লেখ করে তিনি বলেন, সাময়িক সাহায্যই শেষ নয়, বরং পরিবারটির জন্য দীর্ঘমেয়াদি ও স্থায়ী সহায়তার অংশ হিসেবে মাথা গোঁজার ঠাঁই ও নিয়মিত খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
ড. মাসুদ আরও বলেন, রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হলো নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা। তবে স্বাধীনতার দীর্ঘ সময় পরও দেশের অনেক মানুষ সেই অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত রয়ে গেছেন। এ সময় তিনি দেশের বিদ্যমান সংবিধান সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। তিনি জোরালো দাবি করেন যে, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও গোষ্ঠীভেদে কোনো ধরনের বৈষম্য করে না এবং দেশের সকল নাগরিকের সমঅধিকারে বিশ্বাস করে। ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার, জানমালের নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা ইসলামের মূল শিক্ষা এবং জামায়াতের সামাজিক কার্যক্রমও সেই নীতির ভিত্তিতেই দেশজুড়ে পরিচালিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
টিএইচএ/
