মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। সালালাহ শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে একটি উট হঠাৎ করে সড়কে চলে এলে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহর তাম্বেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বাংলাদেশি ওই পরিবারের আরও ৩ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।
ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, মাস্কাট থেকে হতাহতরা হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সড়কে চলে আসা একটি উটের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
এআইএল/
