আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হওয়ার পর নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি গুরুত্বপূর্ণ খাতে কাজের ওপর জোর দেবেন বলে জানিয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে। ওই সাক্ষাতে নির্বাচন-পরবর্তী সময়ে ড. ইউনূসের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকিয়ে আবে ড. ইউনূসের কাছে নির্বাচন শেষ হওয়ার পর তার ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাবেন।
প্রথম পরিকল্পনার অংশ হিসেবে দেশের ডিজিটাল হেলথকেয়ার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল মাধ্যমে দেশে থাকা স্বজনদের স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন, সে ব্যবস্থাও জোরদার করা হবে।
দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা সৃষ্টির যে উদ্যোগ ড. ইউনূস দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন, তা আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তৃতীয় পরিকল্পনা হিসেবে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে পরিচালিত তার ‘থ্রি জিরো’ কর্মসূচি চালু থাকবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আকিয়ে আবে বর্তমানে ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এই ফাউন্ডেশনের উদ্যোগেই তার বাংলাদেশ সফর।
আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে ড. ইউনূসের ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। বৈঠকে সেই সম্পর্কের নানা স্মৃতিও স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
এছাড়া ড. ইউনূস জানান, নির্বাচন শেষ হওয়ার পর আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। ওশিয়ান রিসার্চ নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি অংশ নেবেন এবং এ খাতে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করবেন।
টিএইচএ/
