বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নে নির্মাণাধীন ওই ব্রিজের ঢালাই কাজে রডের বদলে বাঁশ দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনের। ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত এই ব্রিজটির দৈর্ঘ্য ৪৫ ফুট এবং প্রস্থ সাড়ে ৫ ফুট বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজটির নির্মাণ কাজ তদারকি করছেন ইউপি সদস্য সোহেল মোল্লা। ঢালাইয়ের সময় রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করতে দেখে স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী ইমাম মোল্লা জানান, তারা অনিয়ম দেখে প্রতিবাদ করলে ইউপি সদস্য নামমাত্র ৫টি রড এনে কাজ করেন। এমনকি সিমেন্টের সংকট দেখা দিলে স্থানীয়দের কাছ থেকে ৫ ব্যাগ সিমেন্ট ধার করে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্রিজের উত্তর পাশের ঢালাই সম্পন্ন করা হয়। এ ছাড়া এই ব্রিজ নির্মাণের জন্য স্থানীয়দের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সোহেল মোল্লা জানান, তার লাইসেন্সে কাজটি নেওয়া হলেও প্রকৃতপক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অরিজিৎ বাড়ৈ। রত্নপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ব্রিজ নির্মাণের জন্য প্রথম পর্যায়ে দেড় লাখ এবং পরবর্তীতে ঢালাইয়ের জন্য আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁশ দিয়ে ঢালাইয়ের ছবি তিনি দেখেছেন। বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং অনিয়মের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএইচএ/
