জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি, হীরার আংটিসহ খোয়া গেছে ২০ লাখ টাকার মালামাল

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে সিভিল জজ দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে হীরার আংটি ও স্বর্ণসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে পৌর শহরের আমলাপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দম্পতি হলেন জামালপুর আদালতের সিভিল জজ (মেলান্দহ) আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী সিভিল জজ (দেওয়ানগঞ্জ) নুসরাত জেরিন জেনি।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা গেছে, আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গত ৭ মাস ধরে ভাড়া থাকেন এই বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। এ সুযোগে জানালার গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে হীরার আংটি, ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সিভিল জজ আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে তিনি বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খোলার চেষ্টা করেন। কিন্তু তালা না খোলায় সেটি নষ্ট হয়েছে ভেবে একজন মিস্ত্রি ডেকে আনেন। এরপরও দরজা না খোলায় তার সন্দেহ হয় যে, ঘরের ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা আটকে রেখেছে কেউ। একপর্যায়ে রাত ৯টার পর দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকেন তিনি। ভেতরে ঢুকে জানালার গ্রিল কাটা এবং ঘরের সব আসবাবপত্র খোলা ও মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন জানান, তার তিন তলা বাড়িতে মোট ৫টি ইউনিট রয়েছে। এই বাড়িতে চুরির ঘটনা এবারই প্রথম। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা কাজ করছে না। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা বিকল করে চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নূর মোহাম্মদ জানান, বাসায় গ্রিল কেটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222