এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের দেওয়ানগঞ্জে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সাথে রাখার অপরাধে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলার হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোলেমান মিয়া এবং হাতীভাঙ্গা মোফাজ্জল মিয়া মেমোরিয়াল কলেজ কেন্দ্রে হৃদয় নামের দুই পরীক্ষার্থী নিয়ম লঙ্ঘন করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেন। বিষয়টি পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে শনাক্ত করেন কেন্দ্র দুটির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার যথাক্রমে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাজেদুর রহমান।
পরবর্তীতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার শৃঙ্খলা ও বিধিমালা অনুযায়ী হল কর্তৃপক্ষ ওই দুই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের নকল, অনিয়ম বা অসদুপায় অবলম্বন মোটেও মেনে নেওয়া হবে না। প্রথম দিনের মতো প্রতিদিনই উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর নজরদারি ও পরিদর্শন করা হবে। পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএইচএ/
