বাংলাদেশসহ বিশ্বের মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে ভিসা প্রদান সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নতুন করে কোনো ধরনের মার্কিন ভিসা পাবেন না।
বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দেশটির সরকারি সহায়তা, কল্যাণ ভাতা কিংবা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর অতিরিক্তভাবে নির্ভরশীল হয়ে পড়েন। তাদের প্রবেশ সীমিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার দপ্তরে জরুরি নির্দেশনা পাঠিয়েছে। ওই নির্দেশনায় জানানো হয়েছে, ভিসা যাচাই-বাছাইয়ের বর্তমান পদ্ধতি নতুন করে পর্যালোচনা করা হবে। এই পুনর্মূল্যায়ন চলাকালে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, ভিসা প্রদানের পুরো প্রক্রিয়া নতুনভাবে পরীক্ষা করা হচ্ছে। এ কারণে আপাতত নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থগিত রাখা হয়েছে। তার ভাষায়, বিদেশি নাগরিকরা যেন যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা বা সামাজিক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
তিনি আরও জানান, কল্যাণ ভাতা গ্রহণের উদ্দেশ্যে অভিবাসন রোধে নীতিমালা পুনর্বিবেচনা শেষ না হওয়া পর্যন্ত এই ৭৫টি দেশের ক্ষেত্রে অভিবাসন কার্যক্রম বন্ধ থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, ভিসা স্থগিত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ইরান, ইরাক, সিরিয়া, মিশর, নাইজেরিয়া, রাশিয়া, সুদান, সোমালিয়া, লিবিয়া, ইয়েমেনসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ।
টিএইচএ/
