দেশের বাজারে এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং উচ্চমূল্য নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে বেসরকারি খাতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনও (বিপিসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি করতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার পর বিপিসিকে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে এলপিজি আমদানির এই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চলমান সরবরাহ সংকট মোকাবিলা ও ভোক্তাপর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত রোববার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এলপিজি খাতে শৃঙ্খলা ফেরাতে এবং বাজারে সরবরাহ নিশ্চিত করতে বিপিসিকে আমদানির পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। আমদানির প্রাথমিক প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য সংস্থার চেয়ারম্যানকে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা প্রদান করা হয়েছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক দাপ্তরিক চিঠি পাঠানো হবে। সরকারের এই নির্দেশনার ফলে জ্বালানি আমদানিতে বিপিসির সক্ষমতা আরও বৃদ্ধির সুযোগ তৈরি হলো।
টিএইচএ/
