জয় ও পলকের বিচার শুরু

by Abid

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আনুষ্ঠানিক আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২১ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমলে নিয়ে এই আদেশ প্রদান করেন। এর আগে গত ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিনটি ধার্য করেছিলেন। শুনানিতে পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই পরিচালনা করেন।

বিজ্ঞাপন
banner

মামলার এজাহার ও প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় জুনাইদ আহমেদ পলক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য প্রচার করেন। এই বক্তব্যের পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ আন্দোলনকারীদের ওপর পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠনগুলো সশস্ত্র হামলা চালায়। এছাড়া সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা এবং হত্যাকাণ্ডে সরাসরি সহায়তার গুরুতর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে গত ১০ ডিসেম্বর ট্রাইব্যুনাল পলাতক সজীব ওয়াজেদ জয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিলেন। একই দিনে গ্রেফতার থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিলকৃত আনুষ্ঠানিক অভিযোগপত্র বা ‘ফরমাল চার্জ’ আদালত আমলে নেওয়ার পর থেকেই এই বিচারিক প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো শুরু হয়, যা আজ অভিযোগ গঠনের মাধ্যমে পূর্ণাঙ্গ বিচারে রূপ নিল।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222