চট্টগ্রামের রাউজান উপজেলায় চার থেকে পাঁচ বছর আগে খোলা পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছর বয়সী শিশু মেজবাহ উদ্দিনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মেজবাহ সাইফুল ইসলামের ছেলে বাড়ির আশপাশে খেলাধুলার সময় প্রায় ৩০-৪০ ফুট দূরে থাকা খোলা গর্তে পড়ে যায়।
পরিবার ও স্থানীয়রা শিশুটিকে খুঁজতে শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাউজান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সন্ধ্যার পর উদ্ধার অভিযান শুরু করে। বিশেষ ক্যামেরার মাধ্যমে শিশুটির অবস্থান গর্তের প্রায় ১২ ফুট নিচে শনাক্ত করা হয়। উদ্ধার অভিযান জটিল হওয়ায় সেনাবাহিনী ও পুলিশও কাজে যুক্ত হন। উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার তত্ত্বাবধানে প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধার হওয়ার আগেই মেজবাহের মৃত্যু হয়।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহাজান জানিয়েছেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।”
স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওই গর্তটি খোলা অবস্থায় পড়ে থাকলেও তা ভরাট বা নিরাপদ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
এমএআর/
