কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্যের উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অধিশাখার যুগ্ম সচিব মো. এনামুল হক।
তিনি বলেছেন, কুমিল্লার কৃষকরা দেশের কৃষিতে আমূল পরিবর্তন নিয়ে এসেছেন। সবাইকে নিরাপদ খাদ্যের দিকে নজর দিতে হবে। কৃষি কর্মকর্তারা আন্তরিকতা বাড়িয়ে কৃষকের সঙ্গে বসে পরামর্শ দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) কুমিল্লা শহরতলীর একটি মিলনায়তনে জেলা ওরিয়েন্টেশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মো. এনামুল হক বলেছেন, বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন নিয়ে আসছেন কুমিল্লার কৃষকেরা। আপনারা নিরাপদ খাদ্যের দিকে নজর দিন। কীটনাশকের ব্যবহার কমাতে কাজ করুন।অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করে কৃষক যদি ভালো ফলন পান, তাহলে কেন তারা অতিরিক্ত খরচ করবেন? এক্ষেত্রে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলেতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান। কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. ইমরান আহমেদের সঞ্চালনায় মূল প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি প্রযুক্তি সম্প্রচারণ প্রকল্প পরিচালক মো. রাশেদ হাসনাত ও বি স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন।
এসময় কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হাআমা/
