নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দলীয় কর্মসূচিতে নাম দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দুপক্ষকে থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাহারের মৃত্যু হয়।
গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবারের দলীয় কর্মসূচিকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনায় বসেন। এ সময় তালিকায় নাম আগে পরে দেওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিবের কথা কাটাকাটি হয়। তাদের থামাতে গিয়ে উত্তেজিত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন আজাহার।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজাহারের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/
