হিজরি ক্যালেন্ডারের বরকতময় মাস শাবানের ১৪ তারিখ দিবাগত রাত আজ। মহিমান্বিত এই রজনীটি মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ হিসেবে সমধিক পরিচিত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত-বন্দেগিতে মশগুল হবেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, শবে বরাতের এই পবিত্র লগ্নে আগামী এক বছরের রিজিক, হায়াত ও ভাগ্য নির্ধারণ করা হয়। তাই মহান আল্লাহর অনুগ্রহ ও পাপমুক্তির আশায় দেশের মসজিদগুলোসহ ঘরে ঘরে ধর্মপ্রাণ মানুষ কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও জিকির-আসকারে রাত অতিবাহিত করবেন। অনেকে নিজেদের প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করতে গোরস্থানে ভিড় জমাবেন। অতীত জীবনের ভুল ও অন্যায়ের জন্য লজ্জিত হয়ে মোনাজাতের মাধ্যমে নতুন করে পথচলার শক্তি প্রার্থনা করাই এই রাতের অন্যতম গুরুত্ব।
শবে বরাত মানেই পবিত্র রমজানের আগমনধ্বনি। এই রজনীটি মুসলমানদের মনে করিয়ে দেয় যে সিয়াম সাধনার মাস আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে। সে হিসেবে আজ থেকেই শুরু হয় রমজানের আধ্যাত্মিক ও মানসিক প্রস্তুতি। পবিত্র এই দিবসটি উপলক্ষ্যে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সারা দেশে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সব ধরণের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান কাল বন্ধ থাকবে। রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
টিএইচএ/
