আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের কোনো যৌক্তিকতা নেই। এতে সাংবাদিকতা ও সিটিজেন জার্নালিজম বাধাগ্রস্ত হবে এবং অনিয়ম আড়াল করার সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মোবাইল নিষিদ্ধ থাকলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে জানানোর সুযোগ থাকবে না, ফলে অনেক ভোটার নিরাপত্তাহীনতার কারণে ভোট দিতে না-ও যেতে পারেন।
একই দাবিতে প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি একে নাগরিকদের তথ্য অধিকার হরণের চেষ্টা হিসেবে উল্লেখ করে অবিলম্বে সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান।
উল্লেখ্য, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে নির্দেশনা জারি করে।
টিএইচএ/
